গাজীপুরে আবারো গার্মেন্টস শ্রমিক অসুস্থ
গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে আবারো বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছন।
গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজার এলাকার প্যান্ডো ফ্যাশন কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার কাজ করতে এসে কারখানার পানি পান করলে বমি করতে শুরু করেন।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, সরবরাহ লাইন থেকে শ্রমিকরা পানি পান করার পর সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে ২৩/২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে।
অসুস্থ শ্রমিকদেরকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনার পর কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেছে।
এ বিষয়ে কারখানার কর্মকর্তা রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বুধবার স্টারলাইট নামের একটি সোয়েটার কারখানার পানি পান করে কয়েকশ শ্রমিক অসুস্থ্ হয়ে পড়ে। বৃহস্পতিবার তারা কাজে যোগ দেয়ায় কারখানায় উৎপাদন শুরু হয়েছে।
