দুঃস্থ নারীভাতায় বরাদ্দ বাড়ছে
নির্বাচনকে সামনে রেখে সামাজিক নিরাপত্তা সুরক্ষার আওতায় দুঃস্থ নারীদের সংখ্যা-ভাতা বাড়ানোসহ নারী উদ্যোক্তা ও শ্রমিকদের সহায়তায় বরাদ্দ বাড়িয়েছে সরকার।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয়ের জন্য বাজেটে মোট এক হাজার চারশ’ ৪৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যা মোট বাজেটের দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে উন্নয়ন ব্যয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ২৯৩ কোটি টাকা।
চলতি অর্থবছরে এ মন্ত্রণালয়ের মোট বাজেট বরাদ্দ ছিলো এক হাজার তিনশ’ পাঁচ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয়ে বরাদ্দ ছিলো দুশ’ ২৫ কোটি টাকা।
অন্নুয়ন ব্যয় ধরা হয়েছিলো ১ হাজার ৮০ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে এ মন্ত্রণালয়ের অনুন্নয়ন ব্যয়ে বরাদ্দ দেয়া হয়েছে ১ হাজার ১শ’ ৫৭ কোটি টাকা।
ভাতা বাবদ বরাদ্দ বাড়ছে ৭৭ কোটি টাকা।
এছাড়া ২০১২-১৩ অর্থবছরে নারী উদ্যেক্তাদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে নারী উন্নয়ন তহবিলে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এর আওতায় বর্তমান অর্থবছরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে ১০ কোটি টাকার দু’বছর মেয়াদি একটি কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
২০১৩-১৪ অর্থবছরে এ খাতে আরো ৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে বক্তৃতায় জানান অর্থমন্ত্রী।
মন্ত্রী জানান, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বিউটিফিকেশন, হাউজ কিপিং ও ইনটেরিয়র ডেকোরেশন, মোবাইল ও বৈদ্যুতিক যন্ত্রপাতি সার্ভিসিং এবং ইংরেজি ভাষা শিক্ষার মতো অপ্রচলিত অথচ বিদেশে প্রচুর চাহিদা রয়েছে এমন সব পেশায় দক্ষ নারী শ্রমিক তৈরির জন্য ১৫টি জেলায় মহিলাদের এসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এবার বাজেটের আকার ধরা হয়েছে দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। আর রাজস্ব বাবাদে সরকার এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা পাবে বলে আশা করছেন মুহিত। এর মধ্যে আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার যোগান দেবে।
