বিড়ির দাম বাড়ছে বেশি, সিগারেটের কম
চারবছর পর ‘নিম্ন পর্যায়ের’ তামাকজাত পণ্য বিড়ির ওপর আরোপিত কর বাড়ানো হচ্ছে।
একইসঙ্গে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত চার ধাপে সিগারেটের মূল্যস্তর এবং সিগারেট কোম্পানিগুলোর ওপর আরোপিত আয়কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
এর ফলে সব ধরনের বিড়ির বেশ বেড়ে গেলেও সিগারেটের দাম তুলনামূলক কম বাড়বে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে বিড়ির প্যাকেটের ভিত্তিমূল্য বাড়ানোসহ বিড়ির ওপর সম্পূরক শুল্কের হার ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “দেশীয় শিল্পের শ্রমিক স্বার্থ বিবেচনায় নিয়ে বিড়ি খাতের ট্যারিফ মূল্য এবং শুল্ক হারে বিগত চার অর্থবছরে কোনো সংস্কার বা পরিবর্তন করা হয়নি।”
অর্থমন্ত্রী বলেন, “তামাকজাত পণ্যেও স্বাস্থ্যঝুঁকিহেতু এর ব্যবহার কমিয়ে আনার ও রাজস্ব আয় বৃদ্ধিও সিগারেটের বিদ্যমান মূল্যস্লাব প্রিমিয়াম থেকে নিম্ন পর্যায় পর্যন্ত যথাক্রমে ২১ দশমিক ২১ শতাংশ, ১৯ দশমিক ৩২ শতাংশ, ১৩ দশমিক ১৩ শতাংশ ও
১৫ দশমিক ৭০ শতাংশ ভিত্তিমূল্য বৃদ্ধির প্রস্তাব করছি।”
এছাড়া সিগারেট কোম্পানির মুনাফার উপর আরোপিত আয়কর বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে পাবলিকলি ট্রেডেড সিগারেট কোম্পানির (শেয়ার বাজারে তালিকাভুক্ত) জন্য ৩৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে।
এছাড়া অপরিশোধিত তামাক ও তামাকবর্জ্যের ওপর আরোপিত সম্পূরক শুল্কহার ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করা হয়েছে। আর কম প্রচলিত সিগার ও চুরুটসহ এধরনের তামাকপণ্যের শুল্কহার ১০০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫০ শতাংশ করা হয়েছে।
এবার বাজেটের আকার ধরা হয়েছে দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা, যার মধ্যে রাজস্ব খাত থেকে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা আদায়ের লক্ষমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার যোগান দেবে।
