২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, সেনা প্রধান

চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 05:09 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একেএ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “জাতিসংঘ সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক শান্তি বিষয়ে এক সেশনে অংশ নিতে সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্কে আসছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।”

তবে কখন তিনি নিউ ইয়র্কে পৌঁছাবেন সে  বিষয়ে সরকারিভাবে এখনো কিছু নিশ্চিত করা হয়নি বলে জানান তিনি।

অন্যদিকে শান্তিরক্ষা মিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নিউ ইয়র্কে যাচ্ছেন বলে জানান তিনি।

মোমেন বলেন, “বৈঠকে সেনাপ্রধান শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈন্য সংখ্যা আরো বাড়ানোর কথা বলতে পারেন। এছাড়া শান্তি মিশনে বাংলাদেশের হিস্যা অনুযায়ী অধিক সংখ্যায় অফিসার নিয়োগের পুরনো দাবিটি আবারো জোরালোভাবে তুলে ধরতে পারেন তিনি।”

জাতিসংঘ সচিবালয় থেকে জানা গেছে, জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে ল্যাডসুস এবং ফিল্ড সাপোর্ট সম্পর্কিত আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হকের সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের সময়সূচি চূড়ান্ত হয়েছে।

এদিকে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানায় বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও নিউ ইয়র্ক যাচ্ছেন আগামী ১২ জুন।

একই সময়ে এই চারজনের সফরের খবরে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ আলোড়নও সৃষ্টি হয়েছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সফরের বিষয়টি এ কে এ মোমেন নিশ্চিত করতে পারেননি।

তিনি বলেন, “তাদের সফরের বিষয়ে এখনো ঢাকা থেকে কিছু জানতে পারিনি।”

অবশ্য প্রবাসীরা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে বস্টনে থাকেন, যেখানে প্রায়ই যাওয়া-আসা করেন মহীউদ্দীন খান। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সফরও ব্যক্তিগত বলেই এখন পর্যন্ত মনে করছেন অনেকে।

এ বিষয়ে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম বলেন, মন্ত্রীদের সফরের ব্যাপারে ঢাকা থেকে সরকারিভাবে এখনো কিছু জানতে পারেননি তিনি।