২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসে পুড়ে অঙ্গার আরো ৬ শ্রমিক

সংযুক্ত আরব আমিরাতে অগ্নিকাণ্ডে মারা গেছেন ছয় বাংলাদেশি শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফয়জুল সিদ্দিকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

শারজায় একটি কীটনাশক তৈরির কারখানায় গত রোববার এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ছয় বাংলাদেশির মৃত্যুর খবর বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইনে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর পাঁচ মাসের মধ্যে আমিরাতে ছয়জন নিহত হলেন। আমিরাতের দুবাইয়ে এর আগে ২০১০ সালে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হন।

আমিরাতে বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শারজায় কারখানায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশিসহ মোট নয়জন নিহত হন।

নিহতরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার সুজন দোয়াল গ্রামের ইউসুফ আলী মল্লিকের ছেলে আল-আমিন (৩০), উত্তর গ্রামচিকন্দি গ্রামের জয়নাল বেপারির ছেলে খবির বেপারি (২৫), একই গ্রামের মৃত হোসেন দেওয়ানের ছেলে মোহাম্মদ আলী (২৫), নড়িয়া উপজেলার চাকধ গ্রামের গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার (৩৬), দুলখণ্ড গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে জাকির হোসেন (৩২)এবং ফরিদপুরের মিজান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শরীয়তপুর প্রতিনিধি জানান, অগ্নিকাণ্ডে নিহতদের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বাচ্চু হাওলাদারের ভাই নাছির উদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে চার বছর আগে তার ভাই শ্রমিকের চাকরি নিয়ে দুবাই গিয়েছিলো।

ওই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন লাগে বলে দূতাবাস কর্মকর্তা নাসরিন জানান।

আমিরাতের সংবাদপত্র গালফ নিউজ তাদের অনলাইন সংস্করণে বলেছে, অগ্নিদগ্ধ শ্রমিকদের মধ্যে চারজন মঙ্গলবার হাসপাতালে মারা যান। আর দুজনের লাশ বুধবার দুর্ঘটনাস্থলে পাওয়া যায়।

সংবাদপত্রটি জানিয়েছে, নিহত অন্যরা পাকিস্তানি এবং আহত চার শ্রমিক আল কাসিমি ও আল কুয়েতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আল সাজ্জা শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটির তদন্ত চলছে বলে গাল্ফ নিউজ জানিয়েছে।   

শারজার অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার আবদুল্লাহ আল সুবাইদি বলেছেন, এটি ছিলো বড় ধরনের অগ্নিকাণ্ড।

“ভবনের কাঠামো পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে,” বলেন তিনি।

সুবাইদি বলেন, প্রথমে কীটনাশক কারখানায় আগুন লাগে। পরে তা কাঠের কারখানায়ও ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে ছয় ঘণ্টা সময় লেগেছিলো এবং এই সময় ওই এলাকা খালি করে ফেলা হয়।

পুরনো খবর:

বাহরাইনে নিহত ১৩ জনই বাংলাদেশি
আমিরাতে দুর্ঘটনায় নিহত ১৬ বাংলাদেশি