কুমিল্লায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
কুমিল্লায় দাউদকান্দি উপজেলার গ্রাহকরা বিদ্যুতের দাবিতে অফিস ঘেরাও এবং ঢাকা-হোমনা সড়ক অবরোধ করেছে বলে পুলিশ জানায়।
বুধবার দুপুরে উপজেলার গ্রাহকরা পল্লী বিদ্যুৎ সমিতির গৌরীপুর-তিতাস আঞ্চলিক অফিস ঘেরাও করে তারা বিক্ষোভ করে।
গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, গত এক সপ্তাহ যাবত বিদ্যুতের অব্যাহত লোডশেডিং এর কারণে গৌরীপুর বাজারসহ আশেপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ে।
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বুধবার দুপুরে কয়েক শ’ মানুষ ঢাকা-হোমনা সড়ক অবরোধ এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দাউদকান্দির গৌরীপুর-তিতাস জোনাল অফিস ঘেরাও করে।
পুলিশ খবর পেয়ে দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দাউদকান্দির গৌরীপুর-তিতাস আঞ্চলিক অফিসের সহকারী ব্যবস্থাপক মো. শহিদ উল্লাহ জানান, তিনদিন আগে ৩৩ কেভির ট্রান্সফরমার আগুনে পুড়ে যাওয়ায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
