‘দুই বছরের মধ্যে ২০% ভূমিতে বনায়ন’
আগামী দুই বছরের মধ্যে দেশের মোট ভূমির ২০ শতাংশ বনায়নের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করে তিনি বলেন, পরিবেশ ও বন রক্ষায় বর্তমান সরকারের ‘নিরলসভাবে’ কাজ করে যাচ্ছে।
“২০১৫ সালের মধ্যে দেশের মোট ভূমির শতকরা ২০ ভাগ বনায়নের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছি।”
সরকার বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৩ সালের বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন। পরে তিনি আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে বৃক্ষ মেলা ঘুরে দেখেন।
১৯৭২ সালের সুইডেনের স্টকহোমে মানব পরিবেশ সম্মেলনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। ওই বছরই জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭তম অধিবেশনের প্ল্যানারি সেশনে পরিবেশ দূষণ এবং পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে প্রতি বছর পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়।
জতিসংঘ এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ঠিক করেছে ‘থিংক, ইট, সেইভ’, বাংলা করলে যা দাঁড়ায় ‘ভেবে চিন্তে খাই, অপচয় কমাই’।
পরিবেশ রক্ষায় যারা কাজ করছেন তাদের উদ্বুদ্ধ করতে এবং জাতীয় স্বীকৃতি হিসাবে প্রধানমন্ত্রী এদিন ‘জাতীয় পরিবেশ পদক-২০১৩’ বিতরণ করেন।
ব্যক্তি উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে রাজশাহীর তানোর উপজেলার দুবইল গ্রামের মো. ইউসুফ মোল্লা, ব্যক্তিগত উদ্যোগে পরিবেশগত শিক্ষা ও প্রচারে শরীফ খান, প্রাতিষ্ঠানিক উদ্যোগে পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ (বিসিআইএসআইআর) ২০১৩ সালের জাতীয় পরিবেশ পদক পায়।
তাদের প্রত্যেককে দুই ভরি ওজনের স্বর্ণপদক, সনদ এবং ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।
বৃক্ষরোপণ অভিযানকে জনপ্রিয় ও বেগবান করায় নাটোরের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী সিটি করোপারেশন, চুয়াডাঙ্গার ৩৫ বিজিবি ব্যাটিলিয়ন, কুমিল্লার হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থা, চট্টগ্রামের এবিএম ফজলে করিম চৌধুরী, নাটোরের সদর উপজেলার কৃষিবিদ নার্সারি, সাতক্ষীরার সদর উপজেলার রসুলপুর গ্রামের বেগম রোকেয়া খাতুন, ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের বোয়ালীয়া বন বিট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জার্মপাজম সেন্টার এবার ‘প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার-২০১২’ পায়।
প্রথম শ্রেণিতে এ পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর হাত থেকে একটি ক্রেস্ট ও সনদ এবং ৩০ হাজার টাকা পেয়েছেন।
এছাড়া অন্য দুই শ্রেণিতে আরো ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান ২০১২ সালের প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার পান।
প্রধানমন্ত্রী সামাজিক বনায়নে উপকারভোগী নওগাঁর ধামইর হাট উপজেলার চকজান্দিয়া গ্রামের মো. গিয়াস উদ্দিনকে আট লাখ ১৬ হাজার ৩০০ টাকার এবং টাঙ্গাইলের সখিপুর উপজেলার বারাবর কালমেঘা গ্রামের জবেদা খাতুনকে সাত লাখ ৪৯ হাজার ৪৭৫ টাকার চেক তুলে দেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই সবাইকে একটি করে বনজ, ফলজ ও ভেষজ গাছ লাগানোর আহবান জানান।
বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য উল্লেখ করে তিনি বলেন, “বিশ্বে উৎপাদিত খাদ্যের প্রায় এক তৃতীয়াংশ অপচয় হয়। বেশি অপচয় হয় ফাইভ স্টার হোটেলগুলোতে এবং উন্নত দেশে।”
খাদ্য অপচয় রোধে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন খাদ্যে ‘প্রায় স্বয়ংসম্পূর্ণ’।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করায় নিন্ম আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথাও বলেন শেখ হাসিনা।
বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো ভূমিকা না থাকলেও বাংলাদেশকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার পরিবেশ রক্ষায় ‘পরিবেশ আদালত’ আইনসহ নতুন নতুন আইন করছে এবং পুরোনো আইনগুলো সংশোধন করে যুগোপযোগী করেছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকবিলায় ২ হাজার ৫০০ কোটি টাকার ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করে ২০২টি প্রকল্প বাস্তবায়ন করার কথাও উল্লেখ করেন সরকার প্রধান।
বিরোধীদলের আন্দোলনের কর্মসূচিতে মহাসড়কের দু’পাশের গাছ কেটে ফেলা এবং গত ৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশের সময় মতিঝিলের সড়ক দ্বীপের অধিকাংশ গাছ কেটে ফেলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এতোদিন বৃক্ষ নিধন করেছেন। এখন বৃক্ষ রোপণের আন্দোলনে সামিল হন।”
যারা গাছ কাটবে তাদের বিরুদ্ধে বন ও পরিবেশ আইনে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে একটি স্মারক ডাক টিকিটও অবমুক্ত করেন।
