সিরাজগঞ্জে সংঘর্ষ, আহত ২০
সিরাজগঞ্জ সদরে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার সকালে ও মঙ্গলবার রাতে গয়লা শ্মশানঘাট ও একডালা গ্রামের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, শহরের পুনর্বাসন এলাকার একটি হোটেলে ধুমপানকে কেন্দ্র করে এ বিরোধ শুরু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গয়লা শ্মশানঘাট এলাকার সাগর এবং একডালা গ্রামের সাদ্দাম ও হালিমের মধ্যে ধূমপানকে কেন্দ্র করে তর্কবির্তক ও মারামারি হয়।
এর জেরে দুপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়।
এরপর বুধবার সকাল ১১টার দিকে দুই গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষ হয়।
এ সময় লাঠিসোটা ও ইটপাটকেলের আঘাতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এলাকার ছয়টি দোকান ও বাড়িঘরে ভাংচুর চালানো হয়।
পরে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
