২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতা ‘কেটে’ নেয়া শিক্ষিকার পদ থাকবে না: নাহিদ

রাজধানীর উদয়ন স্কুলের শিক্ষার্থীদের জামার হাতা ‘কেটে’ দেয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষিকা পদ হারাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 07:28 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা আশিফা আশরাফীর এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

নাহিদ বলেন, “ঘটনাটির জন্য আমরা মর্মাহত। এটা খুবই অন্যায় হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। ওই শিক্ষক খুবই অন্যায় কাজ করেছেন।”

এধরনের অন্যায় কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, “কোনো শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা যাবে না। যিনি এ কাজটি করেছে, তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আশা করি উনি আর শিক্ষক পদে থাকতে পারবেন না।”

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জামার হাতা কনুই পর্যন্ত রাখার নিয়ম। কিন্তু ছেলেদের শার্ট ও মেয়েদের কামিজের হাতা কনুই ছাড়িয়ে যাওয়ায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবা খানম গত ২২ মে কয়েকজন শিক্ষার্থীর জামার হাতা কেটে দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

জামার হাতা ‘কেটে’ দেয়ার অভিযোগে ইতিমধ্যে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর স্ত্রী মাহবুবার চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সরকারি দলের সংসদ সদস্য তাজুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ঘন ঘন হরতালের কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করায় শিক্ষা কার্যক্রম মারাত্মক হুমকির সম্মুখীন। হরতালে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাছাড়া অতিরিক্ত মানসিক চাপ পরীক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করছে।

হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থা, শিক্ষাদানের বিষয় ও শিক্ষা সনদের সরকারি স্বীকৃতির জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিশন কওমি মাদ্রাসা শিক্ষানীতি ২০১২-এর খসড়া জমা প্রণয়ন করেছে।

সিলেটের এমসি কলেজের একটি ছাত্রাবাসে আগুন দেওয়া সংক্রান্ত একটি প্রশ্ন করতে গিয়ে বিএনপির সাংসদ শাম্মী আখতার বলেন, “সরকার দেশে গণতন্ত্রের পরিবর্তে গুণ্ডাতন্ত্র চালু করেছে।”

তার প্রশ্ন শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “আপনার আপত্তিকর ও অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করা হবে।”

বিএনপির সাংসদ রাশেদা বেগমের প্রশ্নের জবাবে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান জানান, রাজধানীর যত্রতত্র বহুতল ভবন নির্মাণ বন্ধে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে বলে।

মান্নান খান বলেন, রাজধানীর ঢাকার ঘণত্ব অনুযায়ী উচ্চতাভিত্তিক অঞ্চল নির্ধারণের মাধ্যমে যত্রতত্র বহুতল ভবন নির্মাণ বন্ধে রাজউক একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটির দায়িত্ব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ামাত্র কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

মোশতাক আহমেদ রুহীর লিখিত প্রশ্নের জবাবে মান্নান খান জানান, রাজউক এখন পর্যন্ত ৩২১টি ভবন আপতদৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনের কাছে পাঠিয়েছে।

সম্প্রতি সাভারের রানা প্লাজার ধসের পর রাজউক বুয়েটের প্রকৌশলীদের সমন্বয়ে আটটি কমিটি করেছে। তারা ঝুকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করছে বলে জানান প্রতিমন্ত্রী।