সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
সিরাজগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও চারজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের কোনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের একজন বাসযাত্রী। বাকি হতাহতরা মাইক্রোবাসের যাত্রী।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুইঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
নিহতদের দুজন হলেন গাইবান্দার সাঘাটা উপজেলার ডিমলা গ্রামের প্রয়াত নায়েব আলীর ছেলে আব্দুর রশিদ ও একই উপজেলার হাফিজার রহমানের ছেলে মাহমুদুল মনির (১৩)।
অপর দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতদের মধ্যে দিনাজপুরের পাবর্তীপুরের গয়লাখালি গ্রামের আফতাফ হোসেনের ছেলে শামীম (৪০), গাইবান্ধার সাঘাটা উপজেলার ডিমলা গ্রামের আবুল হোসেনের ছেলে জাকিরুল হোসেন (২৫), তার ভাই হাফিজার হোসেন (৩৫) ও জামালপুরের মাদারীপুর উপজেলার জামালপুর গ্রামের আলহাজ হোসেনের ছেলে [বাসযাত্রী] আব্দুল আউয়ালকে (৪০) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দুজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বঙ্গবন্ধু পশ্চিমপাড় থানার উপপরিদর্শক দুলাল হোসেন বলেন, বগুড়া থেকে ময়মনসিংহগামী আকাশ-অনিক পরিবহনের একটি বাস বিপরীতমুখী একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন।
হাসপাতালে নেয়ার পর মারা যান মাহমুদুল মনির।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার পর সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।
প্রায় দুঘণ্টার চেষ্টায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে ফেললে চলাচল স্বাভাবিক হয়।
চিকিৎসাধীন জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় ভাই হাফিজার হোসেন মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। বিমানবন্দর থেকে তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা।
তিনি জানান, মাইক্রোবাসে চালকসহ তারা ১০ জন ছিলেন। তারমধ্যে মারা যান চারজন। হাসপাতালে রয়েছেন তিনজন [আহত একজন বাসযাত্রী]।বাকি তিনজনের কোনো খোঁজ নেই।
