রংপুর-ঢাকা বাস চলাচল বন্ধ
পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদ ও রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর শাফিউল ইসলাম শাফির গ্রেপ্তারের দাবিতে রংপুর-ঢাকা বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
মঙ্গলবার সকাল থেকে রংপুর থেকে ঢাকায় কোন বাস ছেড়ে আসেনি এবং ঢাকা থেকেও কোন বাস রংপুরে যায়নি।
তবে অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ এ মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা টিআর ট্রাভেলসের চালক ও সুপারভাইজারকে মারপিট করেন শাফি। এ ঘটনার প্রতিবাদে ও শাফির গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে রংপুর-ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টার ব্যবস্থাপকরা জরুরি সভা করে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের সিদ্ধান্ত নেন।
টিআর ট্রাভেলস কাউন্টারের ব্যবস্থাপক ফজলুল বারি প্রধান মিঠু জানান, শনিবার রাতে টিআর ট্রাভেলসের একটি কোচ ঢাকা থেকে রংপুর আসছিল। পথে বগুড়া থেকে ওই গাড়িতে উঠেন সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাফি। সুপারভাইজার তার কাছে ভাড়া চাইতে গেলে তিনি নিজেকে কাউন্সিলর পরিচয় দেন এবং ভাড়া না দেয়ার কথা বলেন। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
বাসটি রংপুর নগরীর মডার্ন মোড়ে পৌঁছলে শাফি সেখানে নেমে একদল যুবক নিয়ে চালক ও সুপারভাইজারকে মারপিট করেন।
ফজলুল বারি প্রধান মিঠু বলেন, শাফিকে গ্রেপ্তার না করা পর্যন্ত কোচ চলাচল বন্ধ থাকবে।
এ ঘটনায় কাউন্সিলর শাফিকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করেন চালক আব্দুল কুদ্দুস ও সুপারভাইজার আব্দুল লতিফ।
সুপারভাইজার আব্দুল লতিফ জানান, শাফি নিজেকে কাউন্সিলর পরিচয় দেয়ায় তার কাছ থেকে ২০০ টাকার স্থলে ১০০ টাকা ভাড়া চাওয়া হয়। কিন্তু তিনি কোনো ভাড়াই দেবেন না বলে হুমকি দেন।
এ ব্যাপারে কাউন্সিলর শাফিউল ইসলাম শাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
একসময় ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার হিসেবে রংপুর শহরে শাফি পরিচিত ছিলেন। এখন তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও দলীয় কোন পদে নেই বলে জানান তার ঘনিষ্ঠরা।
কোতয়ালী থানার ওসি সৈয়দ শাহাবুদ্দিন খলিফা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
