ডিসিসিতে ফের প্রশাসক নিয়োগ
ঢাকার দুই সিটি করপোরেশনের কাজ দেখভালের জন্য দুই কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেয়ার পাঁচ দিনের মাথায় ওই সিদ্ধান্ত বাতিল করে আইন অনুসারে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলামকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আকতার হোসেন ভূঁইয়াকে ঢাকা উত্তরের প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার একই আদেশে আকতার হোসেন ভূঁইয়াকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
ঢাকার দুই সিটি কর্পোরেশনে এই নিয়ে চতুর্থ দফা প্রশাসক নিয়োগ দেয়া হলো।
বিদ্যমান আইন অনুযায়ী, সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে ১৮০ দিনের বেশি কেউ দায়িত্ব পালন করতে পারেন না।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন যে কোনো সময় নির্বাচনের তফসিল দিতে পারে বিবেচনা করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গত ২৯ মে দুই কর্মকর্তাকে সিটি কর্পোরেশনের কাজ তদারকির অতিরিক্ত দায়িত্ব দেন।
ঢাকা উত্তরের দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কে এম মোজাম্মেল হক এবং একই বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসকের দায়িত্ব দেয়া হয়।
ওই দিন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছিলেন, অল্প কিছু দিনের মধ্যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় নতুন করে কাউকে প্রশাসকের দায়িত্ব না দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী দুই কর্মকর্তাকে এই দায়িত্ব দিয়েছেন।
তবে স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব অশোক মাধব রায় গত শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসকের দায়িত্ব নেইনি। আমার আগ্রহও নেই। আমি না করে দিয়েছি।”
সোমবার নতুন দুই প্রশাসক নিয়োগের আদেশের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন করে কেউ দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত আমাদের দায়িত্ব দেয়া হয়েছিল। আমরা কেউ ওই পদে যোগ দেইনি। জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন করে যাদের দায়িত্ব দিয়েছে তারাই কাজ করবেন।”
