নরসিংদীতে যুবক হত্যার ঘটনার রহস্য উদঘাটিত
নরসিংদীর ব্রাহ্মন্দী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভিতরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার গভীর রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে নিহত ওই যুবকের পরিচয়ও মিলেছে। তার নাম মাসুদ রানা।
তিনি সাতক্ষীরার কুশখালী গ্রামের মুকুল হোসেনের ছেলে। ঢাকার টিএনটি কলেজের বিএ (সম্মান) শ্রেণিতে পড়াশুনার পাশাপাশি রানা তার এক আত্মীয়ের মতিঝিলের কম্পিউটারের দোকানও দেখাশোনা করেতেন।
শনিবার বেওয়ারিশ লাশ হিসেবে পৌর গোরস্থানে মাসুদ রানাকে দাফন করা হয়েছিল।
রবিবার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার (এসপি) খ. মহিদ উদ্দিন এ তথ্য জানান।
এসপি জানান, প্রেমঘটিত কারণে মাসুদ রানাকে ঢাকা থেকে ডেকে এনে খুন করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় পলাশ উপজেলার মাঝেরচর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রায়হান আহমেদ রাজীব (১৭) এবং নরসিংদী শহরের বীরপুর এলাকার মনির সরকারের ছেলে মোহন মিয়াকে (১৬) গ্রেপ্তার করে।
“পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
এসপি আরো জানান, রবিবার মাসুদ রানার লাশ উত্তোলন করে পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে নিহতের বাবা মকবুল হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, সদ্য এসএসসি পাশ করা রাজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে পছন্দ করত, যার সঙ্গে আবার সম্পর্ক ছিল মাসুদ রানার।
এ ঘটনার জের ধরেই ওই হত্যাকা- ঘটেছে। রাজীব হত্যাকা-ের পর ঘটনাটি ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে জানায়। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রী বিষয়টি রানার আত্মীয় ও পুলিশকে জানায়।
ওসি জানান, মামলায় রাজীব ও মোহনসহ ৮ জনকে আসামি করা হয়েছে।
তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে পুলিশ বাকি আসামিদের নাম প্রকাশ করেনি।
