২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১০ তারিখের মধ্যে বেতন, নইলে মামলা’

মাস শুরুর ১০ দিনের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন দেয়া না হলে মালিকদের বিরুদ্ধে মামলা করবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 01:37 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

রোববার সচিবালয়ে গার্মেন্ট শিল্প বিষয়ক মন্ত্রিসভা কমিটির দ্বিতীয় সভা শেষে শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার সাংবাদিকদের বলেন, “যারা ১০ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করবে না তাদের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করা হবে।”

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সভাপতিত্বে বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নৌমন্ত্রী শাজাহান খান, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।

মিকাইল বলেন, “পোশাক কারখানা নিয়ে নৌমন্ত্রী শাজাহান খান তার নিজস্ব কিছু সুপারিশ তুলে ধরেছেন। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।”

মন্ত্রিসভা কমিটির প্রথম সভায় নেয়া বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান শ্রমসচিব।

তিনি জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আরো দুইশ’ জনবল নিয়োগ দেয়ার সুপারিশ এসেছে বৈঠকে।