২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলা, কর্মবিরতি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 09:21 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

এর প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকরা হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

শনিবার দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকার মেহেদীবাগে হামলার শিকার হন ছাত্রলীগের চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি সোহেল পারভেজ সুমন।

মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন সোহেল অভিযোগ করেন, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তার ওপর এ হামলা চালিয়েছে।

সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি একটি অটোরিকশায় করে চট্টগ্রাম রেল স্টেশন থেকে মেডিকেলে যাওয়ার সময় মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালের সামনে পাঁচ/ছয় জন শিবিরকর্মী মোটরসাইকেলে করে এসে তার গতিরোধ করে।

“তারা অটোরিকশা থেকে নামিয়ে লাঠি ও রড দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে।”

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে হাসপাতালে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসক ফোরাম।

ফোরামের সদস্য সচিব হিমেল চাকমা জানান, হামলাকারী শিবির-কর্মীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।

তবে হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির বাইরে রাখা হয়েছে। আর নিয়মিত চিকিৎসকরা সব বিভাগেই কাজ চালিয়ে যাচ্ছেন।

চট্টগ্রাম মেডিকেল ছাত্রলীগের সভাপতি মেসবাহুল ইসলাম জানান, শিক্ষানবিশ চিকিৎসকদের এই কর্মবিরতিতে তারা সমর্থন দিয়েছেন।