চট্টগ্রামে মন্দিরে ছাউনি নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা
বন্দরনগরীর হাজারী গলি এলাকায় একটি মন্দিরে ছাউনি দেয়া নিয়ে ভবন মালিক ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে।
মন্দির কর্তৃপক্ষের করা ওই মামলায় ভবন মালিকসহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়।
কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) শেবু বড়ুয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যার ওই সংঘর্ষের ঘটনায় মন্দির কমিটির সভাপতি তুষারাংশু বিমল দাশ গুপ্ত বাদি হয়ে শুক্রবার এ মামলা দায়ের করেন।
মামলায় আসামিদের মধ্যে ভবন মালিক তৌহিদুল আনোয়ার চৌধুরী, ভবনের তত্ত্বাবধায়ক জেবরুল হোসেন, কালা জাহাঙ্গীর ও মো. বশিরের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া নির্মাণাধীন ভবনের শ্রমিকদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে জেবরুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে এএসআই শেবু বড়ুয়া জানান।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার কালী মন্দির কর্তৃপক্ষ মন্দিরে ছাউনি দিতে গেলে ভবন মালিক তৌহিদুল বাধা দেন।
এ নিয়ে হাজারী গলির বাসিন্দাদের সঙ্গে ভবন মালিক ও তার অনুসারীদের সংঘর্ষ বাধে, যাতে অন্তত ২০ জন আহত হয়।
