২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফকরুদ্দিন মানিকসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 06:52 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

গ্রেপ্তার অন্যরা হলেন- দপ্তর বিভাগের সম্পাদক আতিকুর রহমান, আন্তর্জাতিক বিভাগের সম্পাদক মুহসেনুল কবির, শিবির নেতা ফাহিম।

শুক্রবার দুপুর ১২টার দিকে রামপুরার বনশ্রী এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানিয়েছেন।

শিবিরের সভাপতি দেলওয়ার হুসেনসহ সংগঠনটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রয়েছেন। দেলওয়ারের আগের কমিটির সভাপতি সভাপতি ছিলেন মানিক।

মোল্লা নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনশ্রীর সি ব্লকের ৫ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ির নিচতলায় সাবিট গ্রুপের অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“তারা গোপন বৈঠক করছিলো। এই অফিসটি কার সে ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।”

সেখান থেকে বেশ কিছু প্রচারপত্র, বই, কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নজরুল।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের শাস্তি দেয়ার পর দেশব্যাপী তাণ্ডবে শিবির নেতা-কর্মীরাও জড়িত বলে অভিযোগ রয়েছে।

তাণ্ডবের মামলায় দেশের বিভিন্ন স্থানে শিবির নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।

শুক্রবার নড়াইলেও সংগঠনটির এক নেতাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নড়াইল প্রতিনিধি জানিয়েছেন।

গ্রেপ্তার মিরাজুল ইসলাম (২২) শিবিরের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক।

ভোর ৪টার দিকে শহরের আলাদাতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বলে সদর থানার এসআই খায়রুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, গত ৫ নভেম্বর পুরাতন বাসটার্মিনাল চত্বরে পুলিশের ওপর হামলার মামলায় মিরাজুলকে গ্রেপ্তার করা হয়েছে।