২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাশে থাকবে বাংলাদেশ’

বাংলাদেশের শান্তিরক্ষীরা মালিতেও জাতিসংঘ শান্তি মিশনে অংশ নেবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বশান্তি রক্ষার এই প্রচেষ্টায় বাংলাদেশের মানুষ সবসময় পাশে থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বুধবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, শান্তি মিশনে বাংলাদেশ থেকে আরো বেশি সেনা ও পুলিশ সদস্য পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের শান্তিরক্ষীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা বাংলাদেশকে বিশ্বে একটি শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন; বিশ্বে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা।”

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী।

১৯৮৮ সাল থেকে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে বাংলাদেশ। সেনা মোতায়েনের সংখ্যার বিচারে এই মিশনে বাংলাদেশের অবদানই এখন সবচেয়ে বেশি।  

বর্তমানে ১১৬টি দেশের ৯২ হাজার ৫৪১ জন শান্তিরক্ষী বিভিন্ন দেশে শান্তিরক্ষায় দায়িত্ব পালন করছেন, যাদের মধ্যে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যাই ৮ হাজার ৯৩৬ জন। এর মধ্যে ২২৪ জন নারীও আছেন।

শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ১১০ জন শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।

এই মিশনে যোগ দেয়া সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আপনারা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা প্রদর্শন করে যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি ফিরিয়ে আনছেন। ওইসব দেশের জনগণের আস্থা অর্জন করছেন।… দেশের জন্য প্রশংসা বয়ে আনছেন। বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, যা আমাদের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে।”

জাতিসংঘের বহুজাতিক বাহিনীতে বাংলাদেশের শান্তিরক্ষীদের কাজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে অগ্রসর দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শান্তিরক্ষীদের অবদান বাংলাদেশকে ‘একটি মর্যাদাসম্পন্ন রাষ্ট্রে’ পরিণত করেছে।

অন্যদের মধ্যে সেনা প্রধান জেনারেল ইকবার করিম ভূইয়া, বাংলাদেশে জাতি সংঘের আবাসিক প্রতিনিধি আর্থার এরকেন অনুষ্ঠানে বক্তব্য দেন।

শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম অনুষ্ঠানে তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেইনিং- এর কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আনিসুজ্জামান ভূইয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা পরিচালক (জাতিসংঘ) সাইয়েদা মুনা তাসনিম।

অনুষ্ঠানের শুরুতেই নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত এক বছরে নিহত দুজন শান্তিরক্ষীর পরিবার এবং পাঁচ আহত শান্তিরক্ষীকে সম্মাননা দেন প্রধানমন্ত্রী।

তিনি শান্তিরক্ষা মিশনে নিহত পুলিশ সদস্য কনস্টেবল মোহাম্মদ আজগর আলী এবং উপ পরিদর্শক শাহ আলমের স্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন।

এছাড়া শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় আহত সেনাবাহিনীর সদস্য প্রাইভেট এ বি এম তাজুল ইসলাম, সার্জেন্ট মোহাম্মদ মিজানুর রহমান, সার্জেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ, কর্পোরাল মোহাম্মদ ফিরোজ আলম এবং ল্যান্স কর্পোরাল আমজাদ হোসেনের হাতেও ক্রেস্ট তুলে দেয়া হয়।

এর আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওপর ‘জার্নি টুয়ার্ডস পিস’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, “জাতি হিসেবে আজ আমাদের জন্য একটি আনন্দের দিন, গৌরবের দিন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি অগ্রণী রাষ্ট্র হিসেবে আজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে।”

১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ থেকে উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, “জাতির পিতার নীতিই আমরা অনুসরণ করছি। বাংলাদেশ বিশ্বের শান্তিপ্রিয় ও বন্ধুপ্রতীম সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের অধীনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।”

বিশ্বশান্তি রক্ষার পাশাপাশি দেশের ভেতরেও বিভিন্ন সময়ে গঠনমূলক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনী এবং পুলিশের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আপনারা দেশ মাতৃকার প্রয়োজনে নিজেদের সদা জাগ্রত রাখবেন।”

প্রধানমন্ত্রী জানান, শান্তিরক্ষীদের জন্য চতুর্থ প্রজন্মের ট্যাংক, দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার, এপিসিসহ আধুনিক সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে। প্রশিক্ষণও জোরদার করা হয়েছে।

“এতে আপনাদের আত্মবিশ্বাস ও সামর্থ্য বাড়বে। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে নিজেদেরকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখবেন।”

মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সাংসদ, নৌ ও বিমান বাহিনী প্রধান, পুলিশের মহা পরিদর্শক, কূটনীতিক এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।