খুলনায় নগরবাসীর মুখোমুখি তিন মেয়র প্রার্থী
নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন ও মহানগরীর বাসিন্দাদের জন্য সর্বোচ্চ নাগিরক সুবিধা নিশ্চিতের অঙ্গীকার করেছেন খুলনার তিন মেয়র প্রার্থী।
বুধবার বিকালে নগরবাসীর মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।
এ সময় প্রার্থীরা নগরীকে মাদকমুক্ত, শিল্পাঞ্চলের উন্নয়ন, মংলা বন্দরের উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথাও বলেন।
মহাজোটের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, তার সময়ে খুলনার ব্যাপক উন্নয়ন হয়েছে।
সেই নিরিখেই ভোটারা আগামী দিনে তাকে ভোট দেবেন বলে আশা করেন খালেক।
১৮ দলীয় জোটের মো. মনিরুজ্জামান মনি বলেন, ১৯৭৮ সাল থেকে তিনি খুলনার মানুষের জন্য কাজ করে আসছেন।
তিনি বলেন, সেই কাজের ধারাবাহিকতাতেই মানুষ তাকে মেয়র নির্বাচিত করবে।
জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলাম মধুও আগামী দিনে নগরবাসীর সেবা করার জন্য ভোট প্রার্থনা করেন।
নাগরিক ফোরাম খুলনার উদ্যোগে প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। ফোরামের চেয়ারপার্সন শেখ আব্দুল কাইয়ুম। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব প্রদ্যুৎ রুদ্র চৈতী।
অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম খোকন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
