বাগেরহাটের সিরাজের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বাগেরহাটের মাস্টার শেখ সিরাজুল ইসলামের (৮০) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত সংস্থা।
সিরাজ বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া গ্রামের হারেজ শেখের ছেলে। মুক্তিযুদ্ধের সময় তিনি রাজাকার বাহিনীর প্লাটুন কমান্ডারের দায়িত্বে ছিলেন। তার অধীনে দেড় শতাধিক রাজাকার সদস্য মুক্তিযুদ্ধের সময় ব্যাপক মানবতাবিরোধী অপরাধ ঘটায়, যে কারণে এলাকায় তার নাম হয় ‘কসাই সিরাজ’।
মুক্তিযুদ্ধের পর সিরাজ গ্রেপ্তারও হন। পঁচাত্তরের রাজনৈতিক পটপরিবর্তনের পর জেল থেকে ছাড়া পেলেও তিনি আর নিজ গ্রামে ফিরতে পারেননি।
তখন থেকেই তিনি সদর উপজেলার ডেমা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে বাগেরহাটে যুদ্ধাপরাধের মামলা হলে তিনি আত্মগোপণ করেন।
হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন গ্রামে মোট ২১ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। তাতে প্রাথমিকভাবে কিছু অপরাধের প্রমাণ মিলেছে।
“ভূক্তভোগীরা তদন্ত দলকে জানায়, সিরাজ পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে ১৯৭১ সালের ১৬ জুন সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে ১৯ জনকে গুলি করে হত্যা করেন এবং এক নারীকে ধর্ষণ করেন।”
তদন্ত কর্মকর্তা জানান, একই দিন তিনি পাশের কচুয়া উপজেলায় তিনশ বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। একই সময়ে তার বাহিনী মঘিয়া ভাসাবাজারে ১৬ জনকে এবং শাঁখারীকাঠি গ্রামে ৪২ জনকে হত্যা করে বলে তদন্ত দলের কাছে অভিযোগ করেছে বিভিন্ন গ্রামের বাসিন্দারা।
বাগেরহাট মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান বাদশা বলেন, সিরাজ মাস্টার খুলনার মডেল স্কুলের সহকারি শিক্ষক ছিলেন। মুক্তিযুদ্ধের সময়ে তিনি শিক্ষকতা ছেড়ে রাজাকার বাহিনীতে যোগ দেন। দেশ স্বাধীনের পর গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ তাকে আটক করে।
‘কসাই সিরাজ’ সরাসরি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি মুসলীম লীগ সমর্থক ছিলেন বলে জানান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর জেলা কামান্ডার এস এম এ সবুর।
