২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় সাঈদী সমর্থক কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সাতক্ষীরায় তাণ্ডব ও সহিংসতাসহ নাশকতার মামলায় স্থানীয় এক কলেজ অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে। 

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 05:19 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

গ্রেপ্তারকৃত মুজিবর রহমান (৪৮) আশাশুনির এপিএস কলেজের অধ্যক্ষ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার ছিলেন।

সোমবার বিকালে শহরের রাজারবাগানের একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ওসি (পরিদর্শক) মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীর রায় ঘোষনার পর সদরসহ সাতক্ষীরার বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় জামায়াত-শিবির নেতাকর্মীরা।

মোশারফ বলেন, “আশাশুনি উপজেলার প্রতাপনগরের তালতলায় মুজিবুরের নেতৃত্বে সাঈদীর মুক্তির দাবীতে একটি মঞ্চ তৈরি করে তারা। সেখানে এক সপ্তাহ ধরে উস্কানিমূলক ও সরকারবিরোধী বক্তব্য দেয়া হয়।”

সাতক্ষীরার পুলিশ সুপার আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, সাঈদীর রায় ঘোষণার পরবর্তী সহিংস ঘটনার এবং জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আশাশুনিসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মামলা হওয়ার পর মুজিবর পলাতক ছিলেন বলে জানান তিনি।