তারেকের পরোয়ানার প্রতিবাদে চট্টগ্রামে হরতাল
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার চট্টগ্রাম নগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
এর আগে কাজীর দেউড়ী এলাকায় প্রতিবাদ মিছিল করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপ্তিসহ নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।
মুদ্রা পাচারের অভিযোগে দুদকের করা মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে রোববার পরোয়ানা জারি করে ঢাকার আদালত।
নিয়মমাফিক বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আদালতে হাজির না হওয়ায় তারেককে পলাতক দেখিয়েই ২০১১ সালের ৮ অগাস্ট এ মামলায় অভিযোগ গঠন হয়।
২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও তার বন্ধু গিয়াস উদ্দিন মামুনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। পরের বছর ৬ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
এক ডজনেরও বেশি মামলা মাথায় নিয়ে তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
