২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের এসিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শ্লীলতাহানির অভিযোগে এক মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী কমিশনারসহ (এসি) ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 12:27 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

এরা হলেন সহকারী পুলিশ কমিশনার মো. মিনহাজুল ইসলাম, ত্রিনিতি রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান খান মিলন, পরিচালক মামুনুর রশিদ ও আজিজুর রহমান এবং আমিনুর রহমান আমিন।

এক নারীর  দায়ের করা মামলা আমলে নিয়ে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম রেজানুর রহমান সোমবার এই পরোয়ানা জারি করেন।

বাদির আইনজীবী হোসেন আলী খান হাসান জানান, গত ১৭ এপ্রিল এ মামলা দায়ের করা হয়।

বাদির স্বামী একজন আইনজীবী। তারা থাকেন মগবাজারের নয়াটোলায়।

মামলার আরজিতে বলা হয়, বাদির স্বামী কিছুদিন আগে ত্রিনিতি রিয়েল এস্টেটের কাছ থেকে একটি ফ্ল্যাট কেনেন। ফ্ল্যাটের দাম ঠিকমতো পরিশোধ করার পরও  ওই পুলিশ কর্মকর্তার যোগশাজসে আসামিরা গত ৭ এপ্রিল জোর করে তাদের ওই ফ্ল্যাট থেকে নামিয়ে দিতে আসে।

এ সময় বাদি বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।