২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নিলামে উঠছে ৫৩৪টি গাড়ি

বেনাপোল বন্দরে আমদানি করা ৫৩৪টি গাড়ির নিলাম হতে যাচ্ছে।

শিকদার খালিদ

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 11:05 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

আগামী বৃহস্পতিবার (৩০ মে) এসব গাড়ির নিলাম হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু জানান, গাড়িগুলোর মূল্য শত কোটি টাকা। আর গাড়ির আমদানিকারক ছয়টি কোম্পানির কাছে সরকারের রাজস্ব পাওনা প্রায় ২০ কোটি টাকা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরে পড়ে থাকা গাড়ির মধ্যে সবচেয়ে বেশি গাড়ি র‌্যাংগস মোটর্সের। তাদের রয়েছে ৩৮২টি গাড়ি। এছাড়া ইফাদ মোটর্সের ৭২টি, নিতা মোটর্সের ৪০টি, উত্তরা মোটর্সের ২৬টি এবং কর্ণফুলি ও এটলাসের রয়েছে ১৪টি।

এগুলোর মধ্যে বড় গাড়ির চেসিস, মারুতি, থ্রি হুইলার ও পিকআপ রয়েছে।

উত্তরা মোটরসের গাড়ি নিয়ে উচ্চ আদালতে মামলা রয়েছে বলেও জানান কাস্টমস কর্মকর্তা সাধন।

তিনি আরো জানান, পড়ে থাকা এসব গাড়ির বেশিরভাগই চলতি অর্থ বছরের প্রথমদিকে আমদানি করা হয়। আগের বছরে আনা গাড়িও রয়েছে।

কাস্টমসের নিয়ম অনুযায়ী গাড়ি আমদানির পর ৩০ দিন পার হয়ে গেলে আমদানিকারকদের চিঠি দিয়ে ছাড় করানোর তাগাদা দেয়া হয়। তারপর সাড়া না পাওয়া গেলে নিলামে উঠানো হয়।

এই কাস্টমস কর্মকর্তা বলেন, এ গাড়িগুলোর ব্যাপারে আমদানিকারকদের বারবার চিঠি দিলেও তারা কোনো জবাব না দেয়ায় বাধ্য হয়ে নিলাম আহবান করা হয়েছে।

এদিকে র‌্যাংগস্ মোটর্সের জেনারেল ম্যানেজার সত্যজিৎ সাহা বলেন, গত ২০ এপ্রিল বেনাপোল কাস্টমসে একটি চিঠি দিয়েছেন। তারা গাড়ি ছাড় করানোর ব্যাপারে সময় চেয়েছেন।

র‌্যাংগস্ মোটর্সের বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট সুলতান মাহামুদ বিপুল বলেন, নিলামে ওঠার আগে গাড়িগুলো ছাড় করার পদক্ষেপ নেয়া হবে।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার ফাইজুর রহমান বলেন, গত ১৮ মে বেনাপোলে নৌমন্ত্রী শাহাজাহান খানের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসের বৈঠক হয়েছে। বৈঠকে স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দিনও উপস্থিত ছিলেন।

সেই বৈঠকেই গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত হয়।

বন্দরের পরিচালক তোফাজ্জেল হোসেন বলেন, গাড়ি ছাড় না করায় বন্দরের শেডে জায়গা দখল হয়ে আছে। এসব গাড়ির কারণে অনেক আমদানি পণ্য শেডে রাখা যাচ্ছে না।