২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘আগাম পোস্টার’ সরাতে অভিযান

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের কয়েক হাজার রঙিন পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করেছে নির্বাচন কমিশন।   

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 04:02 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাচন কমিশনের তিনটি দল শনিবার দিনভর এ অভিযান চালায়।

অভিযানে কয়েক হাজার পোষ্টার-ব্যানার-বিলবোর্ড অপসারণ ও জব্দ করা হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের দায়িত্ব পাওয়া রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মতিয়ার রহমান বলেন, তফসিল ঘোষণার কয়েক মাস আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা পুরো এলাকায় বিভিন্ন আকারের রং-বেরংয়ের পোস্টার, ডিজিটাল ব্যানার, বিলবোর্ড দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেন।

এভাবে প্রচার চালানোর নিয়ম না থাকলেও ‘শুভেচ্ছা জানানোর নামে’ কৌশলে তারা এ কাজটি করেন।

বুধবার নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল ঘোষণা করে, যাতে ৬ জুলাই ভোটের দিন রাখা হয়েছে। সে অনুযায়ী, প্রার্থীদের প্রতীক বরাদ্দের আগে তফসিল ঘোষণার ৪৮ঘন্টার মধ্যে সব পোস্টার-ব্যানার-বিলবোর্ড সরানোর নির্দেশ থাকলেও অনেকেই তা করেননি।

মাইকিং করে পোস্টার ব্যানার সরাতে বলার পরও অনেকেই তা না করায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ-বিন-হাসান, নাহিদা পারভিন ও আনম বদরুদ্দোজা, সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, মো. হাবিবুর রহমান ও ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে  তিনটি দল শনিবার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালান ।

এ সময় কয়েক হাজার বিলবোর্ড-ব্যানার পোস্টার অপসারণ ও জব্দ করা হয় বলে কর্মকর্তারা জানান।

তারা বলেছেন, সিটি কর্পোরেশনের পুরো এলাকা থেকে সব পোস্টার সরাতে কয়েক দিন সময় লাগবে।

পুরনো খবর:

গাজীপুরে রঙিন প্রচারনা থামাছে না