আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, কারখানা ভাঙচুর
বন্ধ কারখানা খোলা ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার শ্রমিকরা।
শনিবার সকালে জামগড়া ও শিমুলতলীর তিনটি পোশাক কারখানার ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়।
পরে পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় শ্রমিকরা। এসময় তারা একটি কারখানায় ইট নিক্ষেপ করলে তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
শিল্প পুলিশের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে জামগড়া এলাকার পোশাক কারখানা ডিজাইনার জিন্স, ওশান এন্ড ডিজাইন ও শিমুলতলা এলাকার ডংলিয়ান ফ্যাশন বিডি লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে।
সাত্তার বলেন, “পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে ব্যর্থ হয়। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করতে যায়। এসময় পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।”
তিনি আরো জানান, যাওয়ার সময় শ্রমিকরা জামগড়া এলাকার আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম কারখানার উদ্দেশ্যে ইট ছুড়লে কর্তৃপক্ষ কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে।
এদিকে সকাল ১০টার দিকে কয়েকশ’ শ্রমিক বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে টংগাবাড়ী এলাকার ন্যাচারাল ডেনিম কারখানার ভেতরে জানালা-দরজার গ্লাস ও আসবাবপত্রসহ ভাঙচুর করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে শ্রমিকরা চলে যায়।
তবে শ্রমিকদের অভিযোগ, পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছুড়েছে। এতে নারী শ্রমিকসহ ২০/২৫ জন আহত হয়েছে।
এছাড়া আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে বলে জানান শিল্প পুলিশের ওই কর্মকর্তা।
