২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাংলোর তালিকা চেয়েছে হাই কোর্ট

ঢাকার মিন্টো রোডে শিল্প সচিবকে বরাদ্দ দেয়া বাড়ির বিষয়ে স্থিতাবস্থা জারি করে রাজধানীর সব সরকারি বাংলোর তালিকা চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 12:42 PM

Updated : 23 Aug 2022, 10:48 AM

তিনটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

ঢাকা শহরের সব বাংলো ও বাংলো ধরনের বাড়ির সংখ্যা এবং সেগুলো কাদের দখলে আছে সে বিষয়ে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে পূর্ত সচিবকে। আর মিন্টো রোডের ১২ নম্বর বাড়ির ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

দুই বিচারকের আবেদনের পরও বাড়িটি শিল্প সচিবকে বরাদ্দ দেয়া হয়েছে। এদের মধ্যে একজনের আবেদনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সুপারিশ করলেও তা কাজে আসেনি। তবে শিল্প সচিব এখনো ওই বাড়িতে উঠেননি।

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসারে বাড়ি বরাদ্দের নির্দেশ কেন দেয়া হবে না এবং প্রেসিডেন্টের নির্দেশ অমান্য করে দেয়া ওই বরাদ্দ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

পূর্ত সচিব, আইন সচিব, শিল্প সচিব, সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক, পূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

তিনটি রিটের মধ্যে অ্যাডভোকেট মো. নূর উস সাদিকের পক্ষে জায়েদী হাসান খান একটি আবেদন করেন। এ আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট বিএম ইলিয়াস। সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আর ব্যারিস্টার ইমরুল কায়েস, ব্যারিস্টার মামুনুর রশীদ ও অ্যাডভোকেট আহসান হাবীব করেন দ্বিতীয় রিট আবেদন। এই রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। একই বিষয়ে আরেকটি রিট আবেদন হয়েছে হাই কোর্টে।

বাড়ি বরাদ্দ চেয়ে হাই কোর্টের দুই বিচারকের আবেদন নিয়ে সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই দুই প্রতিবেদনের কথা উল্লেখ করে রিটগুলো দায়ের করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

পুরনো খবর:

‘বিচারকের চাওয়া বাড়ি পেলেন সচিব’
মিন্টো রোডের সেই বাড়ি নিয়ে উপেক্ষিত রাষ্ট্রপতির সুপারিশও