ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে কিশোর নিহত
ময়মনসিংহের হালুয়াঘাটে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে সঙ্গীর স্ট্যাম্পের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
জয়রামকুঁড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ হামলায় নিহত শাহিন মিয়া (১৪) স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে হালুয়াঘাট থানার ওসি মুশফিকুর রহমান বলেন, ক্রিকেট খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় স্ট্যাম্প কার কাছে থাকবে তা নিয়ে শাহিনের সঙ্গে খেলার সঙ্গী রাশিদুল ইসলামের ঝগড়া বাধে।
এক পর্যায়ে রাশিদুল উত্তেজিত হয়ে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে শাহিনের মাথায় আঘাত করে।
আহত শাহিনকে প্রথমে স্থানীয় জয়রামকুঁড়া মিশন হাসপাতালে এবং পরে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
অবস্থার আরো অবনতি হলে রাতেই ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
