বরিশালে পৌনে ২ লাখ হেক্টর জমি তলিয়ে গেছে
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ায় বরিশাল বিভাগের প্রায় পৌণে দুই লাখ হেক্টর জমির ফসল পানির নীচে চলে গেছে।
দুই-একদিনের মধ্যে পানি নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেবাংশু কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে বিভাগের ৬ জেলার মোট ১ লাখ ৮২ হাজার ৬০৪ হেক্টর ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। এরমধ্যে রয়েছে ধান, তিল, চীনা বাদাম, মিষ্টি আলু, ভূট্টা, মরিচসহ বিভিন্ন ধরনের শাক-সবজি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক প্রতিবেদন অনুসারে জানা যায়, বরিশালের ৫ জেলায় ১২ হাজার ৪৬৯ হেক্টর জমির বীজতলার মধ্যে ৮ হাজার ৬২২ হেক্টর পানির নীচে।
৬ জেলার ৮৯ হাজার ৬৭৮ হেক্টর জমির আউশ ধানের মধ্যে পানির নীচে আছে ৫৭ হাজার ৫৪৬ হেক্টর। পিরোজপুরে ১৯ হাজার ১৮০ হেক্টর এবং পটুয়াখালীতে ২ হাজার ৮৭৫ হেক্টর জমির আউশ ধান ক্ষেতের কোন ক্ষতি হয়নি।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা গাজী হারুন অর রশিদ জানান, কিছু কিছু ফসলের ক্ষতি হবে। তবে তা তেমন ব্যাপক আকার ধারণ করবে না।
ইতোমধ্যে ক্ষেতে জমে থাকা পানি সরে যেতে শুরু করেছে। ২/১ দিনের মধ্যে বাকী পানিও সরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি কর্মকর্তা হারুন।
