কক্সবাজারে নিরাপদ আশ্রয়ে ২ লাখ মানুষ
ঘূর্ণিঝড় মহাসেন কক্সবাজার উপকূলে আঘাত হানার আগেই আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে দুই লাখ মানুষকে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোর থেকে কক্সবাজারে ঝড়ো হাওয়া বইছে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হচ্ছে।
সাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চাইতে প্রায় চার/পাঁচ ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে।
ভোর থেকে জেলার কোথাও বিদ্যুৎ নেই। জেলার সব স্কুল-কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় দুই লাখ মানুষ আশ্রয় নিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টায় মহাসেন চট্টগ্রাম থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিম, কক্সবাজার থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিম এবং মংলা থেকে ২১০ কিলেমিটার দক্ষিণে অবস্থান করছিল।
এটি উপকূল ঘেষে আরও উত্তরপূর্ব দিকে এগিয়ে দুপুর নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১শ’ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আগের বুলেটিনে সকালে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে বলা হয়েছিল। কিন্তু তা না হওয়ায় আশ্রয়কেন্দ্রে আসা কিছু মানুষ নিজ নিজ বাড়ি ফিরে যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
