২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে-নোয়াখালীতে ৮৭ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে

ঘূর্ণিঝড় মহাসেনের আগাম সতর্কতা হিসেবে নোয়াখালী ও বাগেরহাটের ৮৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালী ও বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 07:41 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার দুর্গম চরের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে স্থানীয় প্রশাসন। এজন্য লোকজনকে উদ্বুদ্ধ করার পাশাপাশি যানবাহন দিয়ে সহায়তা করা হচ্ছে।

বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ২৭ হাজার লোককে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, জেলার উপকূলীয় এলাকায় মোট ২৪৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে মানুষে তুলে আনার জন্য কাজ করছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুর রহমান জানিয়েছেন, এ পর্যন্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ২০ হাজার লোক উঠেছে। সেখানে তাদেরকে শুকনো খাওয়ার দেয়া হচ্ছে।

১১৭টি আশ্রয় কেন্দ্রে লোকজনকে সরিয়ে আনার কাজ করছে স্বেচ্ছাসেবকরা।

ক্যারিং চর ও নলের চর ইউনয়নে কোনো আশ্রয় কেন্দ্র না থাকায় সেখানকার বাসিন্দাদের পাশের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও বহুতল ভবনের শিক্ষা প্রতিষ্ঠানে সরিয়ে আনা হচ্ছে।

এছাড়া নিঝুম দ্বীপ, দমারচর, ঢালচর সহ আশপাশের দ্বীপ এলাকার লোকজনকে সরিয়ে আনার জন্য নৌযান ব্যবহার করা হচ্ছে ।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিত মেহেদী হাসান জানিয়েছেন, রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৩ হাজার লোক ঘূণিঝড় আশ্রয় কেন্দ্রে উঠেছে।  এছাড়া স্বজনদের বাড়িতে উঠেছে আরো অন্তত ১০ হাজার মানুষ।

১০৮টি আশ্রয় কেন্দ্র ও ৩০টি কেল্লায় লোকজনকে সরিয়ে আনার কাজ চলছে। লোকজনকে পরিবহনের কাজে চারটি বাস ব্যবহার হচ্ছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আউয়াল জানিয়েছেন, এ পর্যন্ত ৪ হাজার লোক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে উঠেছে। ২০টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি ১০০টি প্রতিষ্ঠানে লোকজনকে সরিয়ে আনা হচ্ছে।

বাগেরহাটের শরণখোলা ও মংলা উপজেলার প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে বুধবার মংলা উপজেলায় দুটি আশ্রয় কেন্দ্রে ফাটল দেখা দেয়ায় সেখান থেকে লোকজনকে সরিয়ে ফেলা হয়েছে।

সন্ধ্যার পর থেকে এলাকায় গুড়ি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে শুরু করেছে।

মংলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেলাবুনিয়া ও মকড়ডন গ্রামে ফাটল ধরা দু’টি আশ্রয় কেন্দ্র পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেখানে কাউকে আশ্রয় নিতে দেয়া হয়নি।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার সুন্দরবন সংলগ্ন ‘ঝুঁকিপূর্ণ’ রায়েন্দা, সাইদখালী, খোন্তাকাটা  ইউনিয়ন থেকেই ৩০ হাজার মানুষ ৭৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে উঠেছে।