২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

’৯১ স্মরণে আসছে পতেঙ্গাবাসীর

মহাসেন আঘাত হানার আগে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের স্মৃতি ফিরে এসেছে চট্টগ্রামের উপকূলবর্তী পতেঙ্গার মানুষের মনে।

মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

এক লাখের বেশি মানুষের মৃত্যুর কারণ ওই ঘূর্ণিঝড়ে তাণ্ডব দেখেছেন, এমন অনেকে মহাসেন নিয়ে আতঙ্কে রয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার উপকূলে আঘাত হানতে পারে মহাসেন। চট্টগ্রাম ও কক্সবাজারে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

উপকূল এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিতে ইতোমধ্যে সরকারি বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে। বুধবার বিকালে পতেঙ্গায় গিয়েও প্রশাসনের মাইকিং শোনা যায়, যাতে সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হচ্ছিলো।

পতেঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন মুসলিমাবাদ এলাকার সত্তরোর্ধ্ব জাফর আহমদ ১৯৯১ সালের ঝড় দেখার অভিজ্ঞতায় এবার আশ্রয় কেন্দ্রে উঠছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ’৯১ সালে তিনি কিছু হবে না ভেবে নিরাপদ স্থানে যাননি। রাতে ঘূর্ণিঝড় আঘাত হানার সময় জলোচ্ছ্বাসে প্রায় ভেসে যাচ্ছিলেন তিনি।

“এবারো সাগর এবং আকাশের অবস্থা ’৯১ এর মতো মনে হচ্ছে। আমরা জরুরি জিনিসপত্র গোছানো শেষ। রাতে সাইক্লোন সেন্টারে চলে যাবো,” বলেন জাফর।

সৈকত সংলগ্ন চরপাড়ার বাসিন্দা নোমান বলেন, “৯১ সালে এরকম সাবধান আমাদের করা হয়নি। এখন আমরা মালপত্র গুছিয়ে রেখেছি। কিন্তু আশ্রয় কেন্দ্র একটু দূরে। রাতে আশেপাশের কোনো প্রতিবেশীর ভবনে চলে যাবো।”

৭ নম্বর বিপদ সঙ্কেত জারির পর দুপুরে লোকজনকে সরিয়ে নিতে প্রশাসনের মাইকিংয়ে অনেকে মালপত্র গোছাতে শুরু করলেও বসতি ছাড়ছিলেন না।

তবে সন্ধ্যার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং প্রশাসনের জোর তৎপরতায় ধীরলয়ে ঘর ছেড়ে আশেপাশের নিরাপদ স্থান এবং সাইক্লোন সেন্টারে যেতে শুরু করেন।

তবে এরপরও বাড়িতে রয়ে গেছেন, এমন অনেককেই পাওয়া গেছে।

চরপাড়ার বাসিন্দা নেছার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালপত্র বেঁধে রেখেছি। পরিস্থিতি আরো খারাপ হলে যাবো।”

সমুদ্র সৈকত সংলগ্ন উপকূলীয় এলাকা জুড়ে কয়েক হাজার নিম্ন আয়ের মানুষ বাস করে। তাদের সরিয়ে নিতে দুপুর থেকে নিয়মিত মাইকিং করে যাচ্ছে প্রশাসন, সিটি করপোরেশন, রেড ক্রিসেন্টের কর্মীরা।

সমুদ্র সৈকতে পাঁচ থেকে ছয়শ’ দোকানের অধিকাংশ মালিকেই মালামাল সরিয়ে নিতে দেখা যায়। আবার কেউ কেউ দোকান খুললেও সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।

চায়ের দোকানি লোকমান জানান, প্রশাসনের পাশাপাশি সৈকতের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দোকানের সরঞ্জাম সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে।

বিপদ সঙ্কেত ৭ জারির পর দুপুরে জেলা প্রশাসনের সমন্বিত সভায় উপকূলবাসীকে নিরাপদে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা নিরাপদ আশ্রয়ে যেতে অনাগ্রহী প্রয়োজনে তাদের জোর করে সরিয়ে নেয়া হবে।