ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রের চুল কেটে দিল অধ্যক্ষ
ক্লাসে চিরকুট চালাচালি করায় এক ছাত্রকে বেত্রাঘাত ও চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের একটি কওমি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে।
শহরের মাসকান্দার গনষার মোড় এলাকার কুরআন নিকেতন কওমী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আবসার মাসুমের বিরুদ্ধে হাফেজি বিভাগের ছাত্র জোনায়েদ আহমেদ সাগরকে বেত্রঘাত ও চুল কেটে দেয়ার আভিযোগ ওঠেছে।
সাগর শহরতলীর বয়ড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।
আব্দুল জব্বার অভিযোগ করে বলেন, মঙ্গলবার ক্লাসে বন্ধুদের মধ্যে চিরকুট চালাচালি করায় অধ্যক্ষ সাগরকে অফিস কক্ষে ডেকে নিয়ে বকাঝকা করেন এবং একপর্যায়ে জোড়া বেত দিনে পেটান। এরপর তার ছেলের চুল কেটে দেন।
রক্তাক্ত অবস্থায় দুপুরে সাগর মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে বিকেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
সামান্য অপরাধে বেত্রাঘাত করে মাথার চুল কেটে দেয়ায় অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন তিনি।
বেত্রাঘাত করে চুল কেটে দেয়ার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন অধ্যক্ষ নুরুল আবসার মাসুম।
