২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: সাবেক মন্ত্রী কায়সারকে গ্রেপ্তারে নির্দেশ

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এরশাদ সরকারের প্রতিমন্ত্রী হবিগঞ্জের সৈয়দ মো. কায়সারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 09:01 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

কায়সারকে গ্রেপ্তারে প্রসিকিউটরদের আবেদনের শুনানি শেষে বুধবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই রায় দেয়।

প্রসিকিউটর রানা দাশগুপ্ত বুধবার গ্রেপ্তারের এই আবেদন জমা দেয়ার পর এ বিষয়ে শুনানি হয়।

ট্রাইব্যুনাল প্রসিকিউশনের তদন্ত দলকে এক মাসের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলেছে।

রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালে বলেন, “যখনই আসামি কায়সারের বিরুদ্ধে তদন্তকাজ এগিয়ে যাচ্ছে, তখনি সে ও তার পরিবার সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি প্রদান করছে। এতে তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে।”

কায়সারের বিরুদ্ধে সাক্ষ্যদাতা অনেককেই এলাকায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সুষ্ঠু তদন্তের স্বার্থে কায়সারকে গ্রেপ্তার করার আবেদন করেন প্রসিকিউটর।

কায়সার এখন ঢাকা কিংবা হবিগঞ্জে রয়েছেন জানিয়ে রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, তিনি যেন অন্য কোথাও পালিয়ে যেতে না পারেন, এটিও তাকে গ্রেপ্তারের আবেদন করার আরেকটি প্রধান কারণ। 

তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম ট্রাইব্যুনালে বলেন, তদন্ত কাজ পরিচালনার পরিবেশ নিশ্চিত করা গেলে আগামী দুই সপ্তাহের মধ্যেই তদন্তকাজ শেষ হয়ে যেতে পারে।

কায়সারের গ্রেপ্তারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি ট্রাইব্যুনালে বলেন, অভিযুক্তের পরিবার নানাভাবে তদন্ত কাজ প্রভাবিত করতে চাচ্ছে।

কায়সার গ্রেপ্তার হলে তদন্ত করা অনেকটাই সহজ হবে বলেও তদন্ত কর্মকর্তা দাবি করেন।

এরপর ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, “প্রসিকিউশনের আবেদন বিবেচনা করে সুষ্ঠু তদন্তের স্বার্থে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সৈয়দ মো.কায়সারকে গ্রেপ্তার করতে দ্রুত পুলিশকে নির্দেশ দেয়া হল।”

একাত্তরে হত্যা, গণহত্যাসহ  মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে কায়সারের বিরুদ্ধে।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতার জন্য তার নেতৃত্বে হবিগঞ্জে কায়সার বাহিনী গড়ে তোলা হয় বলে তদন্ত কর্মকর্তা জানান।

এক সময়ের মুসলিম লীগ নেতা সৈয়দ কায়সার জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগ দেন। এইচ এম এরশাদের সময়ে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পুরনো খবর:

যুদ্ধাপরাধ: সাবেক মন্ত্রী কায়সারকে গ্রেপ্তারের আবেদন