যুদ্ধাপরাধ: সাবেক মন্ত্রী কায়সারকে গ্রেপ্তারের আবেদন
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এরশাদ সরকারের প্রতিমন্ত্রী হবিগঞ্জের সৈয়দ মো. কায়সারকে গ্রেপ্তারের আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, তদন্তের স্বার্থে সৈয়দ মো. কায়সারকে গ্রেপ্তারের আবেদন জানানো হয়েছে।
“কায়সারের বিরুদ্ধে তদন্ত কাজ অনেকটাই এগিয়ে গেছে। বাকি তদন্ত কাজে তিনি যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারেন, সেজন্য তাকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছে।”
একাত্তরে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে কায়সারের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতার জন্য তার নেতৃত্বে হবিগঞ্জে কায়সার বাহিনী গড়ে তোলা হয় বলে তদন্ত কর্মকর্তা জানান।
এক সময়ের মুসলিম লীগ নেতা সৈয়দ কায়সার জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগ দেন। আর এইচ এম এরশাদের সময়ে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
