২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতবিরোধী সমাবেশে ১৪ দলের সহায়তা চাইলো ওলামারা

হেফাজতে ইসলামের বিরুদ্ধে রাজধানীতে আগামী ১৮ মে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং ২২ জুন ইমাম-ওলামা ঐক্য পরিষদ আলাদা ভাবে ওলামা সমাবেশ করবে। দুই সংগঠনই এই জন্য ১৪ দলের সহযোগিতা চেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 06:43 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

মঙ্গলবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে ইমাম-ওলামা ঐক্য পরিষদের মহাসচিব শাহ মো. ওমর ফারুক সাংবাদিকদের একথা জানান।

মতবিনিময় শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন,  “দেশের আলেম-ওলামারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। প্রয়োজনে তারা ঢাকায় লক্ষাধিক লোকের শান্তিপূর্ণ সমাবেশ করবে বলেও ১৪ দলকে আশ্বস্ত করেছেন।”

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় অংশ নেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান বাহাদুর শাহ মুজাদ্দেদী, ইমাম-উলামা ঐক্য পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, ফেতনা প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, ইসলামী ঐক্য মঞ্চের সভাপতি মাসউদুর রহমান বিক্রমপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, বাংলাদেশ ইমাম ওলামা কল্যাণ পরিষদের সভাপতি জহিরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি গোলাম রাব্বানী, ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী।

১৪ দল নেতাদের মধ্যে মোহাম্মদ নাসিম ছাড়াও ছিলেন গণ আজাদী লীগের হাজী আবদুস সামাদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম ও মাহমুদুর রহমান বাবু, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া।