২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের পরীক্ষা রাতে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হরতালের ক্ষতি পোষাতে দিনের পরীক্ষা রাতে দিতে হচ্ছে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের। এতে শিক্ষার্থীদের পাশাপাশি ভোগান্তিতে অভিভাবকরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কাজী শাহরিন হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 03:48 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

আর পিছিয়ে যাওয়ায় বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের পরীক্ষায় রীতিমত জট লেগে আছে।

ব্রিটিশ কাউন্সিলের স্কুল পরীক্ষা ব্যবস্থাপক মঞ্জুর হোসেন জানান, বাংলাদেশে ইংরেজি মাধ্যমের পরীক্ষাগুলো হয়ে থাকে দু’টি আন্তর্জাতিক বোর্ডের অধীনে। যে কোনো পরীক্ষা বেঁধে দেয়া সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে বোর্ডগুলোর নির্দেশনা রয়েছে।

সাধারণত ক্যামব্রিজ বোর্ডের অধীনে সকালের পরীক্ষাগুলো বেলা ১১টা থেকে এবং বিকালের পরীক্ষাগুলো বিকাল ৩টা থেকে শুরু হয়। এ ছাড়া এডেক্সেল বোর্ডের অধীনে পরীক্ষাগুলো দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে থাকে।

“হরতালের দিনগুলোতে ক্যামব্রিজ ও এডেক্সেল উভয় বোর্ডের সকালের পরীক্ষাগুলো সন্ধ্যা সাড়ে ৭টা এবং বিকালের পরীক্ষাগুলো রাত পৌনে ১২টায় নিতে হচ্ছে।”

চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখ। হরতালের কারণে এ পর্যন্ত তাদের সাত দিনের পরীক্ষা পিছিয়েছে।

অন্যদিকে ৭ মে থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা শুরু হলেও ৮ ও ৯ মে হরতালের কারণে রাতে পরীক্ষা দিতে হয়েছে তাদের। শুধু মঙ্গলবারের হরতালেই দুটি শ্রেণির অন্তত ১২টি বিষয়ের পরীক্ষা আটকে গেছে।

গভীর রাতে পরীক্ষা নেয়া প্রসঙ্গে গুলশানের ইউনিওয়ার্ল্ড এডুকেশনের প্রধান দীপক কুমার (ডিকে) বৈদ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতেপরীক্ষা দেয়ার ফলে পরীক্ষার্থীদের শরীর ও মনের উপর স্বাভাবিকভাবেই চাপ পড়ে, যার ফলে তাদের প্রস্তুতি ভালো হলেও সেটা তারা পুরোপুরি কাজে লাগাতে পারে না।”

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে পড়িয়ে আসা শিক্ষকের কথা প্রতিফলিত হয় ‘ও’ লেভেলের পরীক্ষার্থী সাদমান তানজিম বিভানের কণ্ঠেও। বিভান রাজধানীর দি আগা খান স্কুলের শিক্ষার্থী।

বিভান বলে, “সকালে আর দুপুরে পরীক্ষাগুলো হলে সমস্যা হতো না। কিন্তু তো আমরা ঘুমাই, ওইসময় পরীক্ষা দিতে গিয়ে খুব ভালো বোধ করছিলাম না। সব মিলিয়ে পরীক্ষা খারাপ হয়েছে।”

বিভানের মা শামীমা ইসলাম বলেন, “পরীক্ষাগুলো একদম বাতিল না হয়ে কোনোভাবে শেষ হয়ে যাচ্ছে এটা একদিক দিয়ে ভালো। কিন্তু সারারাত ধরে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, এটা খুবই নির্মম, অমানবিক একটা ব্যাপার।”

পরীক্ষা দিতে গিয়ে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছিল বলেও জানায় বিভান।

এদিকে চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ‘এ’ লেভেলসের পরীক্ষার্থী গুলরুখ খানের মা হেলেনা খান বলেন, “অনেক পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের অপেক্ষা করার জন্য জায়গা রাখা নেই। রাতে রাস্তায় বসে থাকা নিরাপদ নয়। তাছাড়া গভীর রাতে বাড়ি ফেরার পথেও বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি।”

ডিকে বৈদ্যও বলেন, কোনো সময় পরপর দুই-তিন দিন হরতাল দিলে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা গাড়ি ভাঙচুর, আগুন দেয়া নিয়ে বাড়তি দুশ্চিন্তায় থাকেন। এই চাপও পরীক্ষার্থীদের উপর সংক্রমিত হয়।

এ ব্যাপারে ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তা মঞ্জুর হোসেন মামুন বলেন, রাতে পরীক্ষা নেয়া হলে তা নিয়মিতভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবগত করা হয়। নিরাপত্তা নিশ্চিত করা তো আসলে রাষ্ট্রেরই দায়িত্ব।

বাংলাদেশে ‘ও’ লেভেল আর ‘এ’ লেভেলের আনুমানিক সাড়ে ১০ হাজার শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে প্রাইভেট পরীক্ষার্থীও রয়েছে।