২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিল অভিযানে আহত একজনের মৃত্যু

হেফাজতে ইসলামের কর্মীদের মতিঝিল থেকে তুলতে গত ৫ মে পরিচালিত অভিযানে আহত এক যুবক মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

তার নাম নজরুল ইসলাম (৩১)। তা বাড়ি নরসিংদীর মনোহরদীতে।

ওই অভিযানের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় নজরুলকে।

মঙ্গলবার সকালে তিনি মারা যান বলে জানিয়েছেন ঢামেক ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬ মে ভোর সাড়ে ৪টার দিকে মতিঝিল থেকে নজরুলকে হাসপাতালে আনা হয়েছিলো।

“প্রথমে তার নাম বলা হয়েছিলো আব্দুল্লাহ, পরে রাবেয়া বেগম নামে এক নারী তার নাম নজরুল ইসলাম বলে জানান।”

নিহত নজরুল হেফাজতকর্মী কি না- জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, তা নিশ্চিত হতে পারেননি তারা।

গত ৫ মে হেফাজতের ঢাকা অবরোধের সময় পল্টন এলাকায় ব্যাপক সহিংসতার পর মতিঝিলে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতকর্মীরা। ভোররাতে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে হেফাজতকর্মীদের তুলে দেয়।

এই অভিযানে কেউ নিহত হয়নি বলে সরকারের দাবি। তবে নিহতের সংখ্যা কয়েক হাজার দাবি করে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।