শিবির সভাপতি আরো ৪ মামলায় রিমান্ডে
রাজধানীর মতিঝিল ও পল্টন থানার চারটি মামলায় শিবির সভাপতি দেলওয়ার হুসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আরো ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
গাড়ি ভাংচুর, গাড়িতে আগুন, হাতবোমা বিস্ফোরণ, পুলিশকে আক্রমণ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগের এই মামলাগুলোতে দেলওয়ারকে ৩৫ দিন হেফাজতে চেয়েছিলো পুলিশ।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর চারটি মামলায় ১০ দিনের হেফাজত মঞ্জুর করেন।
একটি মামলার হেফাজতের আবেদন নাকচ করেন তিনি। শিবির সভাপতির জামিনের আবেদনও নাকচ হয়।
গত ৩১ মার্চ গ্রেপ্তারের পর থেকে ৩৫ দিন ধরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রয়েছেন শিবির সভাপতি।
নতুন করে হেফাজতের আবেদনের বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, আর কতদিন এই বক্তিকে জিজ্ঞাসাবাদের নামে পুলিশ তাদের হেফাজতে রাখবে?
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদুল হক শিহাব বলেন, আইন মেনেই শিবির সভাপতিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছিলো। তার নির্দেশে ও পরিকল্পনায় হরতালে নাশকতা হয়েছে। তাই তাকে আরো জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
দেলোয়ারের বিরুদ্ধে সারাদেশে শতাধিক মামলা রয়েছে।
