শিবিরের ছোড়া বোমায় শিক্ষক আহত
হরতালে চট্টগ্রামের হাটহাজারীতে ইসলামী ছাত্রশিবিরকর্মীদের ছোড়া হাতবোমায় এক স্কুলশিক্ষক আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আমান বাজার এলাকায় মোটর সাইকেলে আসা তিন শিবিরকর্মী যাত্রীবাহী মিনিবাসে (রাইডার) হাতবোমা ছুড়লে ওই শিক্ষক আহত হন বলে পুলিশ জানায়।
আহত প্রীতি চৌধুরী (৪৫) আমান বাজার ছিপাতলী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতলে ভর্তি করা হয়েছে।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালকারীরা একটি মিনিবাস লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যায়। এটি বিস্ফোরিত হয়ে ওই শিক্ষিকা আহত হন।
যুদ্ধাপরাধের অভিযোগে দলের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে হরতাল ডাকে জামায়াতে ইসলামী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাতবোমার কয়েকটি স্লিন্টার ওই শিক্ষকের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে বিঁধেছে।
প্রীতি চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া এলাকার পরিতোষ দাশের স্ত্রী।
