২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে নৌ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মহাসেনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় নোয়াখালীতে ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 09:54 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

জেলা প্রশাসন জানায়, উপকূলীয় উপজেলা হাতিয়া ও কোম্পনীগঞ্জে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম বলেন, মহাসেনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় রোববার বিকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে। সভায় সকল উপজেলায় এই সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া দুর্যোগ পূর্ববর্তী সতর্কীকরণ প্রচার, বৃদ্ধ ও বয়স্কদের পূর্বেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ, শুকনো খাবার মজুদ রাখাসহ ১৮টি বিষয়ে সতর্কতার সিদ্ধান্ত গৃহীত হয়।

সব উপজেলায় বিশেষত উপকূলীয় কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়ায় প্রয়োজনীয় শুকনো খাবার মজুদ রয়েছে। সবকটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।

এছাড়া উদ্ধার কাজের জন্য যানবাহন ও নৌযান প্রস্তুত রাখা হয়েছে বলেও জেলা প্রশাসক জানান।

রেড ক্রিসেন্টের জেলা ইউনিট কর্মকর্তা সৈয়দ আফরিদুল ইসলাম বলেন, প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্টের আশ্রয় কেন্দ্র এবং স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।