২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানব পাচার রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান জাতিসংঘে

বিশ্বব্যাপী মানব পাচার রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘের এক বৈঠকে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 08:22 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে মানব পাচার রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের কৌশল ও ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে দুদিনব্যাপী এ বৈঠকের উদ্বোধন করেন সাধারণ অধিবেশনের সভাপতি ভুক জেরিমিক। এতে ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা যোগ দেন।

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন তার বক্তব্যে মানব পাচারের ভয়াবহতা তুলে ধরেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রতি বছর ২৪ লাখের মতো শিশু ও নারী-পুরুষ পাচার হয়; লেনদন হয় তিন হাজার দুইশ’ কোটি ডলার। পাচার হওয়া নারী ও শিশুদের অনেককে যৌনপল্লীতে কাজ করতে বাধ্য করা হয়। আবার যুদ্ধেও বাধ্য করা হয় অনেক শিশুকে।

দীপু মনি বলেন, মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশ কঠোর পদক্ষেপ নিয়েছে। আবার আঞ্চলিকভাবে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে পাচার হওয়া নারী ও শিশুদের উদ্ধার ও পুনর্বাসনের জন্য একটি যৌথ উদ্যোগ নেয়া হয়েছে। মিয়ানমারের সঙ্গেও এ ধরনের একটি চুক্তি সইয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার ২০১২ সালে মানব পাচারের বিরুদ্ধে একটি আইন করেছে। এছাড়া এনজিও ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে মানব পাচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

বৈঠকে মানব পাচার রোধে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে গৃহীত পরিকল্পনা ‘ইউএন গ্লোবাল প্লান অব অ্যাকশন টু কমব্যাট ট্রাফিকিং ইন পার্সনস’-এর  অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে।

আলোচনায় মানব পাচার রোধ, অপরাধীদের বিচার, ভিকটিমকে উদ্ধার ও নিরাপত্তা দেয়া এবং মানব পাচারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দেয়া হয়।

এ সময় উদ্ধার শিশু ও নারীদের জন্যে একটি তহবিল গঠনের ব্যাপারে সবাই একমত প্রকাশ করেন।