না’গঞ্জে হেফাজতের সংঘর্ষ: আরেকটি মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা হয়েছে।
সোমবার গভীর রাতে সোনারগাঁও থানায় করা এ মামলায় জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনিরসহ ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
থানার উপ-পরিদর্শক(এসআই) শেখ সাদীর করা এ মামলায় অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি করা হয়েছে।
এই নিয়ে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় এ ঘটনায় মোট ১৪টি মামলা হল।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, গত ৬ মে হেফাজতের সংঘর্ষের দিন কাঁচপুর বিসিক শিল্পনগরীতে পোশাক কারখানায় হামলা, ভাংচুর ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্ন এবং হেফাজতে ইসলামের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিকল্পনা ও ইন্ধন দেয়ার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
তৈমুর আলম খন্দকার ও কাজী মনিরুজ্জামান মনিরকে হুকুমের আসামি করার কথা নিশ্চিত করেন তিনি।
এদিকে এ মামলায় বিএনপির নেতাকর্মীদের জড়ানোকে হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন কাজী মনিরুজ্জামান মনির।
তিনি ‘ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।
গত ৬মে সিদ্ধিরগঞ্জ ও কাঁচপুরে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে দুই বিজিবি, দুই পুলিশসহ ১৯ জন নিহত হয়। আহত হয় শতাধিক। আগুন দেয়া হয় বিজিবি-র্যাব ও পুলিশের গাড়িসহ ১ইট গাড়িতে।
কাঁচপুর হাইওয়ে থানা ও পুলিশ ফাঁড়িতে আগুন দেয়া হয়। ভাংচুর হয় অর্ধশতাধিক যানবাহন।
