বিমানবন্দরে তিন ‘রোহিঙ্গা’ আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মিয়ানমারের তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এর হলেন- শাফিয়া খাতুন(২১), আফসানা আক্তার (১৯) ও মো. ফারুক (২০)।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, সোমবার সকাল ১১টার দিকে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে এলে শাফিয়া খাতুন ও আফসানাকে আটক করা হয়।
আর ফারুককে আটক করা হয় সকাল ৭টার দিকে। তিনি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন বলে আলমগীর জানান।
তিনি বলেন, “তিন জনের কাছে যে পাসপোর্ট ও ভিসা পাওয়া গেছে তা জাল। তাদের বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়।”
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এপিবিএন কর্মকর্তা জানান।
