বাগেরহাটে শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার
বাগেরহাট সদরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
রোববার রাতে পুলিশ তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে।
ধর্ষণের অভিযোগে এনাম শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে মেয়েটির মা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় গ্রেপ্তার এনাম শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
শিশুটি স্থানীয় মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
গ্রেপ্তার এনাম শেখ একই গ্রামের শেখ আব্দুল মালেকের ছেলে।
মেয়েটির বাবা সাংবাদিকদের বলেন, রোববার বেলা ১১টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তার মেয়েকে এনাম তুলে একটি চিংড়ি ঘেরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে মেয়েটি বাড়ি এসে তাকে ঘটনা জানায়।
বাগেরহাট মডেল থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, পরিবারের অভিযোগ পেয়ে রোববার রাতে অসুস্থ মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জড়িত অভিযোগে যুবক এনামকে গ্রেপ্তার করা হয়েছে।
এনাম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটিকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে, বলেন ওসি।
