‘মহাসেন’ মোকাবেলায় চট্টগ্রামে সমন্বয় কমিটি
উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবেলায় চট্টগ্রামে একটি সমন্বয় কমিটি করেছে জেলা প্রশাসন।
একইসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে।
রোববার জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম আবদুল কাদেরকে প্রধান করে গঠিত সমন্বয় কমিটিতে চট্টগ্রাম সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট ও সিভিল সার্জনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন।
কমিটি সামগ্রিকভাবে ঘূর্ণিঝড় মোকাবেলায় বিভিন্ন বিষয়ের সমন্বয় করবে। ‘মহাসেন’ মোকাবেলায় প্রস্তুতি নেয়া হয়েছে এবং বিভিন্ন উপকূলীয় উপজেলা প্রশাসনকে সজাগ করা হয়েছে বলে সভায় জানানো হয়।
ঘূর্ণিঝড়ের ৮ নম্বর সতর্ক সঙ্কেত হলে উপকূলীয় এলাকায় বসবাসরত লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে।
জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ: ০৩১-৬১১৫৪৫, ০১৭১১ ৩৭২৮৬০।
সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হাফিজ আক্তার, সেনাবাহিনী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলররাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
