২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষ, আশুলিয়ায় শতাধিক কারখানায় ছুটি

বেতন বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের পর শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 07:20 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

পুলিশ জানায়, রোববার সকালে এনভয় গ্রুপ, হামীম গ্রুপ, দ্য স্টারলিংক স্টাইল, মেডলার অ্যাপারেল ও অনন্ত গ্রুপসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে আসে।

এ সময় তারা আশপাশের বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে।

আশুলিয়া থানার পরিদর্শক মোস্তফা কামাল বলেন, সকালে সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

পরে পুলিশ মৃদু লাঠিপেটা করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় বলে জানান ওসি।

তিনি আরো বলেন, বিশৃঙ্খলার আশংকায় ওই এলাকার শতাধিক কারখানা রোববারের জন্য ছুটি ঘোষণা করা হয়।

শনিবারও একই কারণে শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ার ১০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

শনিবার ছুটি ঘোষণা করা হয় সেতারা গ্রুপ, ডিজাইনার জিন্স লিমিটেড, মেডলার অ্যাপারেলস, বান্দু ডিজাইন লিমিটেড, স্টারলিংক স্টাইল, স্টারলিংক অ্যাপারেলস লিমিটেড, গ্রীনলাইফ ক্লোথিং, ডিকে গ্রুপ, ওসান এন্ড ডিজাইন লিমিটেড ও বাংলাবাজার এলাকার হামীম গ্রুপের আর্টিস্টিক ডিজাইন লিমিটেডে।