দৈনিক বাংলা মোড়ে ‘অবিস্ফোরিত বোমা’
জামায়াতের ডাকা হরতালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে সড়কের ওপর থেকে একটি ‘অবিস্ফোরিত বোমা’ উদ্ধার করেছে পুলিশ।
মতিঝিল পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি নিষ্ক্রিয় করে।
রোববার সকাল ৮টার দিকে ন্যাশনাল ব্যাংকের সামনের সড়কে ‘বোমাসদৃশ বস্তু’ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে সেটি নিষ্ক্রিয় করে।
গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার সানোয়ার হোসেন বলেন, “বিস্ফোরকটির আকৃতি গ্রেনেডের মতো হলেও সেটি গ্রেনেড নয়। সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে।”
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়ায় সারা দেশে সকাল সন্ধ্য এই হরতাল ডেকেছে দলটি।
হরতালের সকালে যাত্রাবাড়ির মীর হাজিরবাগ মাদ্রাসার গলিতে একটি পিকআপে আগুন দেয় হরতাল সমর্থকরা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন।
এ সময় দুই শিবির কর্মীকে আটক করা হয় বলে যাত্রাবাড়ি থানার এস আই এমরানুল ইসলাম জানান।
এছাড়া মিরপুর বাংলা কলেজ, ধোলাই খাল, বকশি বাজার এলাকায় শিবির কর্মীরা সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে।
বনশ্রী আইডিয়ার স্কুলের গলিতে শিবিরকর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একজনকে আটক করা হয়।
এছাড়া যাত্রাবাড়ির মাতুয়াইলে একটি বাস ভাংচুরের খবর পাওয়া গেলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
