২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংসারেও নিত্য লড়েছেন রেশমা’

স্বামীর সংসারে না খেয়ে থাকার কষ্টটা মেনে নিতে হয়েছিল পোশাক শ্রমিক রেশমা বেগমকে। ধ্বংসস্তূপে ১৭ দিন প্রায় না খেয়ে বিস্ময়করভাবে ফিরে এসে রেশমা যেন সে কথাই আরেকবার মনে করিয়ে দিলেন পরিচিতজনদের।

সেলিম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

শুক্রবার ভবন ধসের প্রায় চারশ’ ঘণ্টা পর উদ্ধার করা হয় তাকে, যেখান থেকে কাউকে জীবিত উদ্ধার সম্ভব কল্পনায়ও কেউ ভাবেননি।

উদ্ধারের পর রেশমার স্বামী পরিত্যক্ত জীবনের নানা কষ্টের কথা শোনান তার ভাড়া বাড়ির মালিক মুনছুর আহম্মেদ নূরু। আড়াই বছর ধরে সাভার বাজার রোডের বি-১৩৮ নম্বরের এই বাড়িতে ছিলেন রেশমা।

২৪ এপ্রিল ভবন ধসের পর ২৮ এপ্রিলই সর্বশেষ জীবিত কাউকে উদ্ধার করা হয়েছিল ধ্বংসস্তূপ থেকে। রাতে শাহীনা আক্তার নামে এক নারীকে জীবিত পাওয়া গেলেও জীবিত উদ্ধার করা যায়নি তাকে। ড্রিল মেশিনের স্ফূলিঙ্গ থেকে আগুন লেগে গুরুতর আহত হন উদ্ধারকর্মী এজাজ উদ্দিন কায়কোবাদ, ‍যিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাড়িওয়ালা নূরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেশমা এর আগেও স্বামীর অত্যাচারে মাঝে-মধ্যেই টানা কয়েকদিন অনাহারে থেকেছেন।

“তার স্বামী সবুজ মিয়া প্রায়ই তাকে মারধর করে ভিডিও করে রাখতো। মারধরের কথা প্রকাশ করলে ভিডিওগুলো প্রকাশ করার ভয় দেখাতো।”

প্রায় এক বছর আগে সবুজ রেশমাকে ছেড়ে চলে যান। বাসার সব আসবাবপত্রও বিক্রি করে দেন। এরপর আর তার খোঁজ রাখেননি সবুজ।

এদিকে রেশমা উদ্ধারের পরপরই তাকে স্ত্রী দাবি করেন রাজ্জাক নামে এক ব্যক্তি। পরে সেনাকর্মকর্তারা তাকে রেশমার কাছে নিয়ে গেলে লোকটি তার স্বামী নয় বলে জানান রেশমা।

মেয়ের আলৌকিকভাবে জীবিত উদ্ধারের খবর শুনে আবেগতাড়িত হয়ে পড়েন তার মা জাবেদা খাতুন। দীর্ঘদিন মেয়ের অপেক্ষায় অসুস্থ্য হয়ে পড়েছেন তিনি।

রেশমার মা জোবেদা খাতুন, দুই ভাই ও বোন আসমা রেশমা নিখোঁজ হওয়ার পর থেকেই রয়েছেন সাভারে। ফাঁকা ভিটে পাহারায় বড় বোন ফাতেমা।

ফাতেমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি রেশমার অক্ষত লাশ পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে রক্ষার দায়িত্ব নিলে কার সাধ্য তাকে ধ্বংস করে। 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামে রেশমাদের বাড়ি।

ফাতেমা আরো জানান, রানা প্লাজা ধসের পর থেকে তিনি সার্বক্ষণিক টেলিভিশনে উদ্ধার অভিযানের দিকে তাকিয়ে থাকতেন।

শুক্রবার উদ্ধারের সময় প্রথমে রেশমার নাম শুনে আতঁকে ওঠেন। টিভি পর্দায় উদ্ধার হওয়া রেশমার মাথা দেখেই আনন্দে চিৎকার করে ওঠেন।

পুরনো খবর:

‘অনেক চিৎকার করেছি, কেউ শোনেনি’