২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাশটা পাইলেও মনরে বুঝ দিতে পারতাম’

প্রিয়জনের সন্ধানের জন্য এখনো অপেক্ষায় রয়েছেন রানা প্লাজার পোশাক কারখানার অনেক শ্রমিকের স্বজন, জীবিত না ফিরলেও আপনজনের লাশটি অন্তত দেখতে চান তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 05:52 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে আর পার্শ্ববর্তী অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে মাঠে ছুটে বেড়াচ্ছেন এসব মানুষ। উদ্ধার করা লাশ নিয়ে গাড়ি মাঠে এলেই ঘিরে ধরেন তারা- প্রিয়জনের লাশ এল কি না। শনাক্ত করতে না পারলে আবারো অপেক্ষায় থাকেন আরেকটি লাশ আসার।

এমনই একজন মো. খোকন, যার স্ত্রী সাথী বেগম রানা প্লাজার চতুর্থ তলার একটি পোশাক কারখানায় কাজ করতেন। ভবন ধসের পর থেকে সাথীর কোনো খোঁজ বের করতে পারেননি তিনি।

শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সম্ভাব্য সব জায়গায় গিয়েছি, কিন্তু ওরে পাই নাই। কেউ বলতে পারতেছে না।”

এ সময় তার কোলে ছিল দুই বছর বয়সের ফারহানা। মায়ের কথা জিজ্ঞেস করতে শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতে দেখা যায় তাকে।

“আমার মেয়েটা খালি মায়ের কাছে যেতে চায়। ওরে কি করে বুঝাই ওর মা আর হয়তো ফিরবে না,” বাস্পরুদ্ধ কণ্ঠে বলেন খোকন।

তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে বিয়ে করেছিলেন তারা। মেয়ে ফারহানা নিয়ে ছিল তাদের তিনজনের সংসার।

স্ত্রীকে খুঁজে পেতে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “আপনারা যদি একটু চেষ্টা করতেন। যদি লাশটাও পাইতাম, তাও নিজেরে বুঝ দিতে পারতাম।”

খোকনের মতোই স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন উজ্জ্বল হোসেন।

“আমার সন্তান আর কোনো দিন মা বলে ডাকতে পারবে না। বাচ্চাটা এখনো জানে না যে ওর মা আর বেঁচে নেই,” বলেন তিনি।

সরকার ও বিজিএমইএ যে ক্ষতিপূরণ দিচ্ছে তা পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “ওরা কতো টাকা দিবে। আমার স্ত্রীর জীবন ফিরায় দিতে পারবে? আমার বাচ্চাটা যে ওর মাকে খুঁজছে, পারবে মা দিতে?”

সাভারে রানা প্লাজা ধ্বসের খবর পেয়ে ফরিদপুর থেকে ছোটবোন শাহিনুর আক্তারকে খুঁজতে আসেন শাখাওয়াত হোসেন।

কাঁপা কাঁপা কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মাত্র চার মাস হইসে বোনটা রানা প্লাজার চার তলায় ফ্যান্টম গার্মেন্টসে চাকরি নেয়। বোনকে ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনা দেখি না, লাশটাও যদি পাইতাম বাড়িতে নিয়ে যেতে পারতাম। এখন বাড়ীর লোকদের কি বলবো?”

বোনের লাশ সনাক্ত করার জন্য ডিএনএ স্যাম্পলও জমা দিয়েছেন তিনি।

২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন নয়তলা ভবন রানা প্লাজার ধসে পড়ে, যেখানে পাঁচটি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করতেন। এ ঘটনায় নিহতের সংখ্যা এরমধ্যে এক হাজার ছাড়িয়েছে। এখনো চলছে উদ্ধারকাজ।

ওই উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সকাল পর্যন্ত তারা ৭১২টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।

ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের পর সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে বর্তমানে রয়েছে ৬২টি মরদেহ। ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে আরো ৮৪টি লাশ।

পরিচয় সনাক্ত করতে না পারায় মোট ১৫৬ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে জুরাইন কবরস্থানে।

উদ্ধারকর্মীরা এ পর্যন্ত নয়তলা ভবনের সামনের দিকের ধ্বংসস্তূপ সরাতে পেরেছেন। তবে ভবনের বেইজমেন্টে এখনো ঢুকতে পারেননি।